সীতাকুণ্ড ও কুমিরা রেলস্টেশনে দুই লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের দুটি স্টেশনের কাছ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিরা স্টেশনের কাছে দক্ষিণ শীতলপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) এবং সীতাকুণ্ড স্টেশনের কাছে শেখনগর এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া জানান, লাশ দুটির মাথায় আঘাতের একই রকম চিহ্ন রয়েছে এবং দুটিকেই আপ-ডাউন লাইনের মাঝে পাওয়া গেছে। লাশ দুটি পড়ে থাকার স্থান ও আঘাতের চিহ্নের ধরন একই প্রকৃতির হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে চলন্ত কোনো ট্রেন থেকে ফেলে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে।

রেল পুলিশের সীতাকুণ্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আক্কেল আলী এবং সহকারী উপপরিদর্শক নুরুল ইসলাম দুটি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আক্কেল আলী প্রথম আলো ডটকমকে বলেন, যুবকটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ট্রেনে কাটা পড়ার মতো নয়।

নুরুল ইসলাম বলেন, বৃদ্ধ লোকটিরও মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। পুরো শরীর অক্ষত।