সীতাকুণ্ড ও ঘোড়াশালে ট্রেন লাইনচ্যুত, চলাচল ব্যাহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গতকাল বুধবার সকালে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিল। সকালের ওই ঘটনার পর বিকেলে নরসিংদীর ঘোড়াশালে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ওই রেলপথে ট্রেন চলাচল আবার বন্ধ হয়ে যায়। গতকাল রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সীতাকুণ্ড: রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংকেত কর্মকর্তা (সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) চন্দন কান্তি দাশ জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনে ঢোকার সময় সিগন্যাল অমান্য করে তেলের ট্যাংকারবাহী ট্রেনটি ঢাকাগামী লাইনে ওঠার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে যায়। ফার্নেস অয়েলবাহী ট্রেনটির ফৌজদারহাট স্টেশন ঘুরে দোহাজারী যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে দুই দিকে মোট ১২টি ট্রেন আটকা পড়ে।
এ ঘটনায় লোকমাস্টার উত্তম কুমার ভট্টাচার্য ও সহকারী লোকমাস্টার দিদার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। ট্রেন দুর্ঘটনায় ঢাকা ও চট্টগ্রামগামী দুটি লাইনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালিয়ে বেলা দেড়টার দিকে একটি লাইন মেরামত করতে সক্ষম হয়। এরপর সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। আর ফৌজদারহাট স্টেশনে আটকে পড়া উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামে ঢোকে। পর্যায়ক্রমে আটকে পড়া ট্রেনগুলোকে গন্তব্যের দিকে যাওয়ার সংকেত দেওয়া হয়।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটির ওয়াগনের প্রতিটিতে প্রায় ৩০ হাজার লিটার ফার্নেস অয়েল ছিল। একটি ওয়াগনের সব তেল পড়ে গেছে। এ ছাড়া কাত হয়ে যাওয়া আরও তিনটি ওয়াগন থেকে কিছু তেল পড়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার লিটার তেল পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কালো তেল ছড়িয়ে পড়েছে রেললাইন, পাশের কৃষিজমি, ডোবা ও পাশের পাহাড়ি ছড়ায়। এই ছড়াটি দেড় কিলোমিটার ঘুরে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ছড়া থেকে স্থানীয় লোকজনকে ফার্নেস অয়েল সংগ্রহ করতে দেখা গেছে। এ সময় মো. শরীফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছড়াটির মাধ্যমে বেশির ভাগ তেল সুমদ্রে যাচ্ছে।
এর আগে গত বছরের ৩১ জুলাই কালুরঘাট এলাকায় ফার্নেস তেলের ওয়াগন লাইনচ্যুত হয়ে কর্ণফুলীতে ৭০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ে। ওই ট্রেনটিও দোহাজারী বিদ্যুৎকেন্দ্রে তেল নিয়ে যাচ্ছিল।
ঘোড়াশাল: বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৪ আপ কনটেইনার ট্রেনটি কমলাপুর থেকে বিরতিহীনভাবে ঘোড়াশাল স্টেশন অতিক্রম করার পর বড়িবাড়ী নামক স্থানে হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগির চাকার তীব্র ঘর্ষণে কয়েক শ িস্লপার ভেঙে উপড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের বিশাল অংশ। চালক তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দিলে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
ঢাকা রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রাত সোয়া আটটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। টানা দুটি ট্রেন দুর্ঘটনায় পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচলে ব্যাপক অস্বাভাবিক অবস্থা দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণে যাত্রীবাহী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।