সীতাকুণ্ড ও বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমামসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিলেটের বালাগঞ্জে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ ছয়জন নিহত হয়েছেন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরার গুল আহমদ জুট মিল গেট এলাকার কাছে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী উপজেলার বড় কুমিরা গ্রামের মীরা চক্রবর্তী ও বাঁশবাড়িয়া গ্রামের মো. সেলিম ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ও এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জের বুরুঙ্গা সড়কের মুখে গতকাল ভোরে সিলেটগামী একটি ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন উপজেলার গাবুরটিকি গ্রামের খালিদুর রহমান ও কামারগাঁও গ্রামের রাজমত আলী। খালিদুর রহমান কামারগাঁও মসজিদের ইমাম ছিলেন।