সীতাকুণ্ড থমথমে, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ জামায়াত নেতার লাশ উদ্ধার, ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন এবং একের পর এক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‌্যাবের ৭০০ সদস্য মোতায়েন করা হলেও গতকাল বৃহস্পতিবার এই থমথমে ও গুমোট অবস্থা দেখা যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পরিবহন মালিক-শ্রমিক এমনকি আওয়ামী লীগ নেতা-কর্মীরাও।

এদিকে, নিজ দলের নেতাকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন জেলা জামায়াতের আমির।

পুলিশ প্রশাসন বলছে, স্থানীয় আওয়ামী লীগের তিনজন নেতা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ায় সীতাকুণ্ডে নাশকতা বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। প্রায় দেড় মাস থেকে ধারাবাহিকভাবে নাশকতা চললেও স্থানীয় আওয়ামী লীগ নিষ্ক্রিয়। আওয়ামী লীগ-সমর্থিত সীতাকুণ্ডের সাংসদ এ বি এম আবুল কাসেম মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া ও পৌর মেয়র শফিউল আলমের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকেই।

বিষয়টি স্বীকার করে উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া বলেন, ‘গত ছয়-সাত মাস ধরে জামায়াত এখানে বিভিন্ন স্থান থেকে লোক নিয়ে এসে পরিকল্পিতভাবে নাশকতা করছে। তখন এখনকার মতো ব্যবস্থা নিলে এত মারাত্মক হতো না। এখন জামায়াতের তাণ্ডবে আমাদের কর্মীরাই আতঙ্কিত। তাই তাঁরা মাঠে নেই।’ এ ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সাংসদকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

গত বুধবার সকালে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় বারবকুণ্ড ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এর আগে রোববার তিনি নিখোঁজ হন। লাশ পাওয়ার পর বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বারবকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর বাড়িসহ ১৫টি ঘরে আগুন দেওয়া হয়। জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডের পরিস্থিতি আসলে এখনো ভালো না। সে জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।’

এএসপি সার্কেল সৈয়দ ইকবাল আলী বলেন, ‘এখানে জামায়াত ছাড়া আর কাউকে মাঠে দেখা যাচ্ছে না। ফলে তারা বেপরোয়া হয়ে পড়েছে।’

 এদিকে, গতকাল বৃহস্পতিবার নিহত জামায়াত নেতা আমিনুল ইসলামের জানাজা ও দাফন বাড়বকুণ্ডে পুলিশ প্রহরায় সম্পন্ন হয়েছে। বাড়বকুণ্ড ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত জানাজায় দুই থেকে তিন হাজার লোক সমাগম হয়। এ সময় জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, ‘প্রশাসন যদি শনিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারে, রোববার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সৈয়দ ইকবাল আলী বলেন, ‘এখানে ১৫টি স্থান ঝুঁকিতে রয়েছে। এসব স্থানের বাইরে রাস্তার পাশে শতাধিক পকেট রয়েছে। এসব স্থান থেকে বের হয়ে হামলা করা হয়।’

আটজন গ্রেপ্তার: বুধবার বাড়বকুণ্ডে ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন ও মহাসড়কে গাড়ি পোড়ানোর ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানা-পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনামুল হক (৩৮), রায়হান উদ্দীন (২২), জাফর আহম্মদ (২৩), রমজান আলী (২০), সেলিম উদ্দীন (৩৫), মো. আজাদ (১৮), সাইফুল ইসলাম (১৮) ও নিজাম উদ্দীন (৩২)। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানায়।