সীতাকুণ্ডে জামায়াতের দুই সদস্য নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছে। এতে সুনির্দিষ্ট ৭৬ জন ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার এ তথ্য পাওয়া গেছে।
এদিকে গত বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, জামায়াতকর্মী নিহত আবদুল্লাহ আল রাসেলের পরিবার ও আবু বক্কর সিদ্দিক পারভেজ নিহত হওয়ার ঘটনায় দলের পক্ষ থেকে মোট দুটি মামলা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, সীতাকুণ্ডের বড় দারোগাহাট, সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস, উপজেলা গেট, বাড়বকুণ্ড, ছোটকুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও পুলিশ আহত হওয়ার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ৩২৬ জনকে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আবু তাহের জানান, দুই পরিবারের পক্ষ থেকে আজকের মধ্যে দুটি মামলা হবে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে আরও মামলা হতে পারে। তবে পুরো প্রক্রিয়া জেলা কমিটি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।