১৮ দলের ডাকা গত মঙ্গলবারের হরতাল কর্মসূচিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছে পুলিশ। এতে ৬৭ জনকে আসামি করা হয়েছে।এদিকে গত ফেব্রুয়ারি মাসের অন্য দুটি মামলায় গত বুধবার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই জামায়াত-শিবিরের কর্মী। গ্রেপ্তার হওয়া সাতজন হলেন সাহাব উদ্দিন (২৩), আবদুল মোমিন (২৮), আলাউদ্দীন (৩৬), রফিকুল ইসলাম (১৮), এনাম হোসেন (২৪), আবুল হাশেম (৪৫) ও তৌহিদুল ইসলাম (২৩)।সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গত ফেব্রুয়ারি মাসে হরতালে গাড়ি ভাঙচুরসহ বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে করা দুটি মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতাল চলাকালে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ বাদী হয়ে মোট ৬৭ জনকে আসামি করে মামলা করেন।