সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে গতকাল শনিবার মানববন্ধন করেছে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকেরা। এই কর্মসূচি থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের প্ররোচনায় সন্ত্রাসীরা সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা করেছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ওসির অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে চট্টগ্রামের পুলিশ সুপারের কাছে ওসির অপসারণ চেয়ে স্মারকলিপি দেওয়া হয়।
গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফিউল আলমের সংবাদ সম্মেলন চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক এম হেদায়েতের সভাপতিত্বে ও এস এম ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহিদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি কবি এজাজ ইউছুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যসচিব সৌমিত্র চক্রবর্তী, এম সেকান্দার হোসাইনসহ প্রমুখ।