সীতাকুণ্ড মহিলা কলেজ সড়কের কাঁচাবাজার উচ্ছেদে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ড মহিলা কলেজের সড়কের ওপর বসানো অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম ভুঁইয়া এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালে ইউএনও পৌরসভার মেয়র বদিউল আলমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। ওই সড়কে যাতে কাঁচাবাজার না বসে, সে জন্য ইজাদারদের নির্দেশ দেওয়ার জন্য মেয়রকে অনুরোধ করেন তিনি। সড়কটিতে এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল। কিন্তু প্রতিবার উচ্ছেদের পর আবারও বাজার বসে।
মেয়র বদিউল আলম প্রথম আলোকে বলেন, সড়কটি বাদ দিয়ে বাজার ইজারা দেওয়া হয়েছে। তবুও ব্যবসায়ীরা বসেন। এ জন্য ইজারাদারদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান।
ইউএনও নাজমুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, বেশ কয়েকবার সড়কটি থেকে অস্থায়ী সবজির দোকান উচ্ছেদ করা হয়। এবার উচ্ছেদের পর কেউ যদি আবারও দোকান বসায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।