সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে আগুনে ১৬টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় মুরকুতুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, মুরকুতুর রহমানের পুড়ে যাওয়া বাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। টিন দিয়ে তৈরি ওই বাড়ির সবগুলো ঘর আসবাবসহ পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, এ বাড়ির দেলোয়ার হোসেন ওরফে শুক্কুরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৬টি ঘর পুড়ে যায়। বাড়িটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের আধা কিলোমিটারের মধ্যে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। আধা ঘণ্টার মধ্যে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে যোগ দেয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ফকরুদ্দীন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় চারপাশের আরও নয়টি ঘর।