সীতাকুণ্ডে অটোরিকশা চলাচল শুরু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশা আবারও চলাচল শুরু করেছে।
মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মালিক সমিতি আজ শনিবার সকাল থেকে ধর্মঘট ডাকে। ধর্মঘটে অটোরিকশা চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দুপুরে সীতাকুণ্ড পৌর সদরে জেলা পরিষদ অডিটোরিয়ামে চালক ও মালিক সমিতির সমাবেশে স্থানীয় সাংসদ দিদারুল আলম তাঁদের দাবির বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। বেলা আড়াইটা থেকে আবারও অটোরিকশা চলাচল শুরু হয়।
মালিক সমিতি জানায়, মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক হাজার ৪০০ অটোরিকশা চলাচল করে। গাড়িগুলোর লাইসেন্স নেওয়ার সময় কাগজপত্রের ওপর মহাসড়কে চলাচল নিষিদ্ধ লিখে সিল করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে মহাসড়কে চলাচলের সময় বৈধ লাইসেন্স থাকলেও হাইওয়ে পুলিশ চালক ও মালিকদের হয়রানি করে বলে তাঁদের অভিযোগ।
ধর্মঘট চলাকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে শত শত যাত্রী অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী নছিমন, ভটভটি, রিকশায় করে গন্তব্যে যাচ্ছে।
সকালে সীতাকুণ্ড মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিফা আক্তারের ভাষ্য, সে কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় অটোরিকশার জন্য দাঁড়ায়। এক ঘণ্টা দাঁড়ানোর পর সকাল নয়টার দিকে ব্যাটারিচালিত রিকশায় উঠে ১০০ টাকা ভাড়া দিয়ে পৌনে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে পৌঁছায়। অথচ এই দূরত্বে ভাড়া মাত্র ২০ টাকা।
মালিক সমিতির সভাপতি জাহেদুল আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডে মহাসড়ক ছাড়া গাড়ি চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। অথচ বিআরটিএ লাইসেন্স দেওয়ার সময় মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে সিল করে দেয়। লাইসেন্স করার সময় যাতে ওই সিল না দেয়, এ জন্য জোরাল দাবি জানান তিনি। সরকার তা না মানলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে জানান তিনি।
হাইওয়ে পুলিশের চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সিএনজি মালিক সমিতির একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশের বিষয়টি তাঁরা জানালেও ধর্মঘটের বিষয়টি জানানো হয়নি।
আরও পড়ুন :