সীতাকুণ্ডে অটোরিকশা ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মালিক সমিতি এ ধর্মঘট ডেকেছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত যাত্রীদের চলাচলের জন্য স্থানীয় (লোকাল) কোনো বাস নেই। উপজেলার প্রত্যেক কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা সিএনজিচালিত অটোরিকশা। সিএনজি মালিক সমিতি হঠাৎ করে গাড়িগুলো বন্ধ করে দেয়।
মালিক সমিতি সূত্র জানায়, মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক হাজার ৪০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। গাড়িগুলোর লাইসেন্স নেওয়ার সময় কাগজপত্রের ওপর মহাসড়কে চলাচল নিষিদ্ধ লিখে সিল করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে মহাসড়কে চলাচলের সময় বৈধ লাইসেন্স থাকলেও হাইওয়ে পুলিশ চালক ও মালিকদের হয়রানি করে বলে তাঁদের অভিযোগ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে শত শত যাত্রী সিএনজিচালিত অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছেন। বাস চলাচল করলেও স্টেশন না থাকায় যাত্রী নিচ্ছে না। অনেক যাত্রী নছিমন, ভটভটি, রিকশায় করে গন্তব্যে রওনা হন।
প্রথম আলোকে দেওয়া সীতাকুণ্ড মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিফা আক্তারের ভাষ্য, তিনি কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য দাঁড়ান। এক ঘণ্টা দাঁড়ানোর পর সকাল নয়টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশায় উঠে ১০০ টাকা ভাড়া দিয়ে পৌনে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে পৌঁছান। অথচ অটোরিকশায় এই দূরত্বে ভাড়া মাত্র ২০ টাকা।
মালিক সমিতির সভাপতি জাহেদুল আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডে মহাসড়ক ছাড়া গাড়ি চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। অথচ বিআরটিএ লাইসেন্স দেওয়ার সময় মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার জন্য সিল করে দেয়। লাইসেন্স করার সময় যাতে ওই সিল না দেয়, এ জন্য জোরালো দাবি জানান তিনি। সরকার তা না মানলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশের চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সিএনজি মালিক সমিতির একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশের বিষয়টি তাঁরা জানালেও ধর্মঘটের বিষয়টি জানানো হয়নি।