সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সোনাইছড়িতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার রাতে এই নৃশংস ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম শাহানা আক্তার (২২)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারের শফিউল আলম প্রকাশ শফি সওদাগরের দ্বিতীয় পক্ষের স্ত্রী। শফি সওদাগরের প্রথম পক্ষের স্ত্রী ও সাত ছেলেমেয়ে রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্বামী শফিউল আলম বাসায় ফিরলে দেখতে পান দরজার সামনে মৃত অবস্থায় স্ত্রী পড়ে রয়েছে। পরে তিনি আত্মীয়স্বজনকে খবর দেন। গতকাল শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ শফিউল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। শাহানার মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ভাই আজম অভিযোগ করেছেন, সতীন ও তাঁর ছেলেরা মিলে শাহানাকে হত্যা করেছে। মামলার আসামিরা হলেন শাহানা আক্তারের সতীন জাহানারা বেগম (৪৫), সৎছেলে নজরুল ইসলাম (২৬) ও প্রতিবেশী লিটন (২৫)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে শাহানা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা তদন্ত করছি।’