সীতাকুণ্ডে অস্ত্রসহ দুই শিবির কর্মী গ্রেপ্তার
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, দেশি অস্ত্রসহ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার বালুবাজার এলাকার রুস্তম আলীর ছেলে মো. ওয়ালি উল্লাহ (২২) ও ফেনী জেলার সোনাগাজী থানার সমবায় বাজার এলাকার পালগিরি গ্রামের নুর আহমঞ্চদের ছেলে জয়নাল আবেদীন (২২)। তাঁদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলার মাদামবিবিরহাট খাদেমপাড়া গ্রামের বাচা মিয়া চৌধুরীর বাড়ির ভাড়ার ঘরে শিবিরের সাত-আটজন সদস্য গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গানপাউডার, ২০০ গ্রাম পটাশিয়াম, ১০০ গ্রাম ফসফরাস, ২০০ গ্রাম ছোট সাইজের তারকাঁটা, পাঁচটি ককটেল, ১০টি টেপ, ৩৪টি জর্দার কৌটা, দুটি রামদা, দুটি চাকু, দুটি জ্যামিতি বক্স, একটি প্যারারেট রকেট, একটি কম্পিউটার, নিষিদ্ধ ঘোষিত জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ এবং রেজিস্টারপত্র, সাতটি মোবাইল সেট ও একটি রিমোট উদ্ধার করা হয়।