সীতাকুণ্ডে অস্থিরতার কারণে বঞ্চিত হলেন সাংসদ কাশেম!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ধারাবাহিক নৈরাজ্য থামাতে ব্যর্থ হওয়ার কারণে চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ এ বি এম আবুল কাশেম এবার মনোনয়ন পাননি বলে দলীয় নেতারা মনে করছেন। গত শুক্রবার বিকেলে ঢাকায় দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ।
চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দিদারুল আলম। তিনি বর্তমান সাংসদ আবুল কাশেমেরও আত্মীয় বলে জানা গেছে।
চট্টগ্রামে বর্তমান সাংসদদের মধ্যে এ বি এম আবুল কাশেম ১৯৯৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে সীতাকুণ্ড থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত ফেব্রুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা শুরু হয়, যার সঙ্গে জামায়াত-শিবির এবং বিএনপি জড়িত বলে পুলিশ সূত্র জানায়। নাশকতাকারীদের বিরুদ্ধে স্থানীয় সাংসদ আবুল কাশেম সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলেননি। এ কারণে দলের ভেতর তাঁর সমালোচনা হচ্ছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডের পরিস্থিতি সময়মতো সামাল দিতে না পারার কারণে আবুল কাশেম সাহেব মনোনয়ন থেকে ছিটকে পড়তে পারেন। সেখানে আমরা সময়মতো পরিস্থিতি সামাল দিতে পারিনি। এ কারণে দলের ভেতরেও বিষয়টি আলোচনা হচ্ছে।’
বর্তমান সাংসদের পরিবর্তে সীতাকুণ্ডে (চট্টগ্রাম-৪) মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের ভাতিজা ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক দিদারুল আলম। মেয়র মন্জুর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। মেয়র মন্জুর এবং ভাতিজারা যৌথ পরিবারের সদস্য। একই পরিবারের মধ্যে একজন বিএনপির মেয়র এবং অন্যজন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় চট্টগ্রামে তা নিয়ে আলোচনা হচ্ছে।
দিদারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সীতাকুণ্ড পরিস্থিতির দায় নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এই রাস্তা বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন। দীর্ঘদিন এই মহাসড়ক অচল করে দেওয়া হচ্ছে। আমি মনোনয়ন পেলাম মাত্র। আমার মামা আবুল কাশেমকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করব।’