ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও অবরোধের সঙ্গে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের ৩৯০ জন নেতা-কর্মী জড়িত। আর মহাসড়কে এসব নাশকতার সুযোগে লুটপাট চালাচ্ছে ২৪ জন দুর্বৃত্ত। পুলিশ এ কথা বলেছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। তালিকায় সীতাকুণ্ডের ৩৯০ জন রাজনৈতিক নেতা-কর্মী ও ২৪ জন ডাকাত-ছিনতাইকারীর নাম রয়েছে। তালিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীতাকুণ্ড ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
পুলিশের ভাষ্যমতে, প্রথমে জামায়াত-শিবির এবং পরে বিএনপি-ছাত্রদল সীতাকুণ্ডকে অস্থির করে তুলেছে।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করা হয়। এর পর থেকেই সীতাকুণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। সম্প্রতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি মাঠে নামার পর আরও অস্থির হয়ে ওঠে সীতাকুণ্ড। এ কারণে মাঝেমধ্যে সারা দেশ থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ফেব্রুয়ারি থেকে সীতাকুণ্ডে দেড় শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং সহস্রাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই সুযোগে বিভিন্ন গাড়িতে লুটপাট করেছে দুর্বৃত্তরা।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি থেকে সীতাকুণ্ড এলাকা অস্থির হয়ে ওঠে। সেখানে দুর্বৃত্তদের রাজত্ব চলছে। এ কারণে এই পথে মালিকেরা গাড়ি চালাতে সাহস হারিয়ে ফেলছেন।
পুলিশ সূত্র জানায়, পুলিশ এলাকাভিত্তিক নাশকতাকারীদের নাম ও ঠিকানা সংগ্রহ করেছে। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার করা হয়েছে ২১৭ জনকে। তবে বেশির ভাগ আসামি জামিনে বেরিয়ে গেছেন।
পুলিশের তালিকায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর নাম রয়েছে। তিনি অর্থ দিয়ে নাশকতাকারীদের সহযোগিতা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। গত এপ্রিলে জামিনে বেরিয়ে তিনি গা ঢাকা দেন।
পুলিশের তালিকা অনুযায়ী, সীতাকুণ্ডকে অস্থির করার পেছনে আরও রয়েছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. শফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি মোস্তফা নূর, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবুল হোসেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বদর উদ্দিন, ছৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ জুয়েল, সীতাকুণ্ড পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ইমাম হোসেন। তাঁরা সবাই গ্রেপ্তার হওয়ার পর দ্রুত জামিনে বেরিয়ে যান। পুলিশ বলছে, জামিনের পর তাঁরা আবার নাশকতায় নেতৃত্ব দেন।
সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকের ভূঁইয়া বলেন, সীতাকুণ্ডের আশপাশের উপজেলা থেকেও শিবিরের ক্যাডাররা নাশকতায় অংশ নিচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য এলাকা থেকেও দুর্বৃত্তরা এসে নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছে। এ জন্য শিবিরের নেতাদের দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দায়ী শিবিরের নেতাদের একজন হলেন উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রামের উত্তর জেলার আটটি থানা এলাকার শিবিরের ক্যাডারদের সীতাকুণ্ডে জড়ো করার কাজের সমন্বয় করেন কুতুব উদ্দিন।
সীতাকুণ্ড সার্কেলের এএসপি সৈয়দ ইকবাল জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২৮টি নাশকতার মামলা রয়েছে।
আসামিদের দ্রুত জামিনে বেরিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আদালতের পিপি মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘হাইকোর্ট থেকে আসলাম চৌধুরীসহ বেশির ভাগ আসামি জামিন পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে তারা আবার নাশকতার সঙ্গে জড়িয়ে পড়লে আমাদের কী করার আছে?’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘নাশকতাকারীরা চিহ্নিত হয়েছে। আমরা একটি তালিকার দুই শতাধিক আসামি গ্রেপ্তার করেছি। যাদের অনেকে জামিনে বেরিয়ে আবার অগ্নিসংযোগ-ভাঙচুর ও অবরোধে অংশ নিয়ে আসছে, তারা আবার গ্রেপ্তারও হচ্ছে।’ তিনি বলেন, ‘মহাসড়কে নাশকতা সৃষ্টির পরই ছিনতাইকারী ও ডাকাতেরা সুযোগ নেয়। আমরা তাদেরও তালিকা করেছি।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীতাকুণ্ড পৌর এলাকা, বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, পন্থিছিলা, সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা, পূর্ব সৈয়দপুর, ভাটিয়ারী, কুমিরা এলাকায় নাশকতা ঘটছে বেশি।