সীতাকুণ্ডে আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা
সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরীর ছোট কুমিরা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে প্রতিপক্ষের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার জন্য মোরশেদ হোসেন চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন মেম্বর, কিশোর ভৌমিক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, ইরানসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে দায়ী করছেন।
মোরশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় নির্বাচিত চেয়ারম্যান এস এম আল মামুনের পক্ষে কাজ করায় সাংসদ দিদারুল আলম-সমর্থিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল বিকেলে তাঁর দোকানে ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় তিনি দোকানে ছিলেন না। এ ঘটনায় তাঁর ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।
মোরশেদ হোসেন চৌধুরী জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাঁকে হত্যা করা। তাঁকে না পেয়ে দোকানে হামলা চালায়।
হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আবদুল মতিন মেম্বর প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষে তিনিও কাজ করেছেন। মূলত, ওই এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে দুটি করে গ্রুপ হয়েছে। তাদের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে। এ ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন।
অভিযুক্ত সালাউদ্দীনের মুঠোফোনে ফোন করলে তিনি ধরেননি।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সরকারি দলের একটি গ্রুপ অন্য গ্রুপের সদস্যের প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন।