সীতাকুণ্ডে আ.লীগ সমর্থক প্রার্থী পরাজিত হওয়ায় কেন্দ্রে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের একটি কেন্দ্রে সন্ধ্যা সাতটার দিকে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশ প্রায় দুই ঘণ্টা অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানা গেছে, লতিফা সিদ্দিকী বালিকা মহাবিদ্যালয় কেন্দ্রে মাত্র ৩০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে পরাজিত হন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী। তিনি স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টার-সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি বিএনপির সমর্থক জসিম উদ্দিন আহমেদের কাছে পরাজিত হন।জানা গেছে, মোরশেদের সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের কারণে নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকেন। এ সময় মোরশেদ ও জসিমের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় অন্তত ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার ও ভোটের বাক্স উপজেলা সদরের নিয়ন্ত্রণকক্ষে নিয়ে যায়। রাত আটটার দিকে মোরশেদের সমর্থকেরা ভোটকেন্দ্রের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। লতিফা সিদ্দিকী বালিকা মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলম প্রথম আলোকে বলেন, ‘মোরশেদের সমর্থকদের হামলা-ভাঙচুরের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা ভোটকেন্দ্রে অবরুদ্ধ ছিলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র ৩০ ভোট কম পাওয়ায় মোরশেদের একজন পুলিং এজেন্ট ফলাফল প্রতিবেদনে সই না করে কেন্দ্রের বাইরে চলে যান। তিনি মুঠোফোনে তাঁর প্রার্থীর সমর্থকদের খবর দিলে তারা হামলা চালায়।’বিএনপির প্রার্থী জসিম বলেন, ‘ওই কেন্দ্রে হেরে যাচ্ছে দেখে মোরশেদের সমর্থকেরা ঝামেলা শুরু করে। আমার কর্মীদের ওপর গুলি করে।’ আরও দুটি কেন্দ্রে মোরশেদের সমর্থকেরা গন্ডগোল করেছে বলে জসিম অভিযোগ করেন। সীতাকুণ্ডের সম্পূর্ণ ফলাফল: সীতাকুণ্ডের ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে নির্বাচন হয়েছে। এতে আওয়ামী লীগের সমর্থক ছয়জন এবং বিএনপির সমর্থক তিনজন চেয়ারম্যান নির্বাচিত হন।আওয়ামী লীগ-সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন: সৈয়দপুরে তাজুল ইসলাম, বারৈয়ারঢালায় রেহান উদ্দীন, মুরাদপুরে রেজাউল করিম, বাড়বকুণ্ডে ছাদাগাত উল্লাহ, বাঁশবাড়িয়ায় শওকত জাহাঙ্গীর ও ছলিমপুরে সালাউদ্দীন।বিএনপি-সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন: কুমিরায় জসিম উদ্দিন আহমদ চৌধুরী, সোনাইছড়িতে নুরউদ্দীন মো. জাহাঙ্গীর এবং ভাটিয়ারিতে আনোয়ার হোসেন।