চট্টগ্রামের সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ডাকাতের হামলায় দুই ভারতীয় নাগরিকের আহত হওয়ার ঘটনায় গত বুধবার দিবাগত রাতে আওয়ামী লীগের নেতা নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এদিকে ডাকাতির অভিযোগে করা আরেকটি মামলায় নূর মোহাম্মদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজদ্দৌলা জানান, গ্রেপ্তার নূর মোহাম্মদ ওরফে নুরু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত সোমবার রাতে মাইক্রোবাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় ডাকাতের কবলে পড়েন ভারতের আটজন নাগরিক। এ সময় ডাকাতের হামলায় আহত হন ভারতীয় নাগরিক মুল চান্দ সিং ও ভুপেন্দর সিং। পরে ডাকাতেরা তাঁদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
মামলার তদন্ত কমকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বলেন, কাল রোববার রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। তিনি জানান, সৈয়দপুর ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয় ব্যক্তি ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন, তাঁরা নূর মোহাম্মদের নেতৃত্বে ওই বাড়িতে ডাকাতি করেছেন।