সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ঘর দোকান
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিলস কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে ৪০টি দোকান ও ৮০ কক্ষের একটি বাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে লেপ-তোশক তৈরির একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় দোকানটি বন্ধ ছিল। স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হাফিজ জুট মিলসের পাইপ দিয়েও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান কারখানার শ্রমিকেরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ছোট-বড় ৪০টি দোকান ও ৮০ কক্ষের একটি কলোনি পুড়ে যায়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ইউনিটও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।