সীতাকুণ্ডে আবার ট্রেনে ঢিল, ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী প্রীতি দাশের মৃত্যুর এক মাসের মাথায় আবার সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। ঢিলের আঘাতে আবুল কাশেম নামের ঢাকার এক ব্যবসায়ী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বারৈয়ারঢালা এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক আজ শুক্রবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘অন্য যাত্রীর কাছ থেকে তিনি ঘটনাটি জেনেছেন। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।’

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, গতকাল রাত নয়টার দিকে বারৈয়ারঢালা এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে কে বা কারা ঢিল ছোড়ে। ঢিল জানালার পাশের সিটে বসা টঙ্গী এলাকার ব্যবসায়ী আবুল কাসেমের বুকে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই ট্রেনের যাত্রীদের মধ্যে কয়েকজন চিকিত্সক ছিলেন। তাঁরা প্রাথমিকভাবে ওই ব্যবসায়ীকে চিকিত্সা দেন। তবে পরে ওই যাত্রী কোথায় গিয়েছেন বা চিকিত্সা নিয়েছেন তা জানা যায়নি।

গত ১০ আগস্ট রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে প্রকৌশলী প্রীতি দাশ মারা যান। পরদিন বাংলাদেশ রেলওয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় মামলা হলে মো. রুবেল ও ইকবাল হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।