সীতাকুণ্ডে আবারও আ.লীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সীতাকুণ্ডের পৌর সদরে আবারও আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁরা হলেন সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন (৩৫) ও যুবলীগের নেতা আনোয়ার হোসেন (৩২)।গত সোমবার রাত ১১টার দিকে পৌর সদরের নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাজী মহিউদ্দীন খুনের পাঁচ দিনের মাথায় আবার কুপিয়ে আহত করার ঘটনা ঘটল। পরপর এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। দুর্বৃত্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে তারা।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শবে বরাতের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন ও যুবলীগের নেতা আনোয়ার হোসেন। রাত ১১টার দিকে পৌর নামাবাজারে পৌঁছালে পাঁচ-ছয়জনের মুখোশধারী সন্ত্রাসীরা তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।প্রতিবাদ সভা: পর পর একটি গুপ্তহত্যা এবং নেতা-কর্মীদের কুপিয়ে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় সীতাকুণ্ড বাজারে ঘটনাগুলোর প্রতিবাদে স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা করে উপজেলা আওয়ামী লীগ। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, বাড়বকুণ্ডের চেয়াম্যান সাদাকাত উল্লাহ, ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ। এ সময় তাঁরা আইনশৃঙ্খলার অবনতির কারণে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে আলটিমেটাম দেন। ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার।বিষয়টি নিয়ে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, সীতাকুণ্ডে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বেড়ে গেছে গুপ্ত হত্যা। পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত-শিবির একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এভাবে একের পর এক গুপ্ত হত্যা চালাচ্ছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে থানায় কেউ এখনো অভিযোগ করেনি। তবে আমরা আমাদের আঙ্গিকে তদন্ত শুরু করেছি।’