সীতাকুণ্ডে আবারও মহাসড়কে ডাকাতি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতের কবলে পড়ে একটি পরিবার।ডাকাতির শিকার পরিবারের সদস্য নেলী ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তিনি মাইক্রোবাসযোগে পুত্রবধূ, নাতি, ভাবিসহ ঢাকা থেকে চট্টগ্রামের আগ্রাবাদ যাচ্ছিলেন। রাত তিনটার দিকে তাঁরা সীতাকুণ্ডের জোড়বটতল এলাকায় পৌঁছালে ছয়-সাতজন ডাকাত ধারালো কিছু নিক্ষেপ করে গাড়ির চাকা ফুটো করে দেয়। চাকার বাতাস কমে যাওয়ায় চালক গাড়ি থামান। এ সময় ডাকাতেরা হানা দিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার, ৪৬ হাজার টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিস লুটে নেয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে আসে।নেলী ইসলাম বলেন, ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতেরা তাঁদের মারধর করে। এতে তিনি ও তাঁর ভাবি সামান্য আহত হন। এ ঘটনায় তিনি সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।২০ আগস্ট উপজেলার বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাছ ফেলে চারটি বাসসহ নয়টি গাড়িতে ডাকাতি করে ডাকাতেরা।