সীতাকুণ্ডে আবারও ১২ গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমিরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবর প্রচারিত হওয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ট্রাকে আগুন দেওয়ার এই দৃশ্য বাড়বকুণ্ড বাজার থেকে সন্ধ্যা সাতটার দিকে তোলা ষ ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমিরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবর প্রচারিত হওয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ট্রাকে আগুন দেওয়ার এই দৃশ্য বাড়বকুণ্ড বাজার থেকে সন্ধ্যা সাতটার দিকে তোলা ষ ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

জামায়াতের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অন্তত ১২টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।    
এদিকে গত শনিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করে গতকাল এসব মামলা করা হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গতকালও দীর্ঘ যানজট ছিল। শনিবার সীতাকুণ্ড সদরে র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরে মহাসড়কের বার আউলিয়া, ছোট কুমিরা, বাড়বকুণ্ডসহ কয়েকটি স্থানে অবরোধ করে ৩০টি গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাঙচুর করেন ১৮ দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, শনিবার সংঘর্ষ, আগুন, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার ১৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় ছয়টি মামলা করা হয়েছে। তবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের নাম জানাতে অপারগতা জানান ওসি।
শনিবারের সংঘর্ষের রেশ এখনো রয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে। গতকালও মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
পুলিশ জানায়, পুলিশ শনিবার রাত আটটা থেকে মহাসড়কে অবরোধ সরানোর কাজ শুরু হয়। শত শত গাড়ি আটকা পড়ায় দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বৃহত্তর চট্টগ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে থেমে থেমে মহাসড়কে গাড়িতে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। গতকাল সকালে বিপাকে পড়ে উপজেলার জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, রাত দুইটার দিকে ধীরগতিতে থেমে থেমে গাড়ি চলাচল শুরু হয়। গতকাল সকাল নয়টার দিকে মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হলেও চালকদের কারণে আবার যানজট হয়।

ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লায় একটি রেস্তোরাঁ থেকে বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মহাসড়কে ১২টি গাড়িতে আগুন দেন। ভাঙচুর করেন অর্ধশতাধিক গাড়ি। উপজেলার অন্তত ১৫টি স্থানে গাড়ির চাকা পাংচার করে মহাসড়ক অবরোধ করা হয়।

জানা গেছে, কুমিল্লার হাইওয়ে ইন্ নামে একটি রেস্তোরাঁয় রেস্টুরেন্টে যাত্রাবিরতিকালে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক আমিনুলকে ধরে নিয়ে যায়। তাঁর স্ত্রী মুঠোফোনে বিষয়টি এলাকার নেতা-কর্মীদের জানালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসেন।