সীতাকুণ্ডে ইকোপার্কে আগুন পুড়ে গেছে ৬২ একর বন
আগুনে সীতাকুণ্ড ইকোপার্ক ও আশপাশের পাহাড়ে প্রায় ৬২ একর বনভূমি পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকালে লাগা ওই আগুন বিকেলের দিকে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। ‘সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক’-এর গার্ডেন রেঞ্জ অফিসার একরামুল হক বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে আমাদের কার্যালয়ের আধা কিলোমিটার ওপরের দিকে কারা শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। আগুনে প্রায় ৬২ একর পাহাড়ের গাছপালা পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’পার্ক সূত্র জানায়, ইকোপার্কের মোট জমির পরিমাণ প্রায় দুই হাজার একর। ইকোপার্কের ভেতরেই আছে র্যাব ক্যাম্প ও বিমানবাহিনীর টাওয়ার। আগুন লাগার পর বেলা ১১টার দিকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। দমকল বাহিনীর সীতাকুণ্ড স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) দোলন আচার্য প্রথম আলোকে বলেন, ‘ইকোপার্কের ভেতর পানির কোনো ব্যবস্থা নেই। আগুনের কবল থেকে বিমানবাহিনীর টাওয়ার রক্ষায় আশপাশের গাছপালা কেটে ও পুড়িয়ে বলয় তৈরি করতে হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ইকোপার্ক ও আশপাশের পাহাড়ের কিছু এলাকার গাছ পুড়ে গেছে।’পার্কের ভেতরে চা-দোকানি আবদুল করিম বলেন, ‘সকালে নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে একটি মাদ্রাসার শিক্ষার্থীরা পিকনিক করতে পার্কে আসে। তাদের মধ্যে কয়েকজন পাহাড়ের শুকনো পাতায় আগুন লাগায় বলে শুনেছি।’ আগুনের খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলার অতিরিক্ত কমিশনার (সার্বিক) এস এম আবদুল কাদের, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন ইমরান ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। গত বছরের ২১ ফেব্রুয়ারিও ইকোপার্কের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।