সীতাকুণ্ডে ইলিশের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। কুমিরা ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গেই জেলেদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছেন পাইকারি বিক্রেতারা। গত বৃহস্পতিবার বিকেলে তোলা ছবি l কৃষ্ণ চন্দ্র দাস
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। কুমিরা ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গেই জেলেদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছেন পাইকারি বিক্রেতারা। গত বৃহস্পতিবার বিকেলে তোলা ছবি l কৃষ্ণ চন্দ্র দাস

সাগর থেকে খাল দিয়ে একের পর এক ইলিশ বোঝাই নৌকা এসে ভিড়ছে ঘাটে। সঙ্গে সঙ্গে সেসব নৌকা ঘিরে ধরছেন পাইকারি ক্রেতারা। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে দরদাম করছেন খুচরা ক্রেতারাও। ইলিশের নৌকা ঘাটে ভিড়ার আগেই অনেক ক্রেতা সাঁতার কেটে নৌকায় গিয়ে উঠছিলেন। রীতিমতো ইলিশের উৎসব শুরু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে।

গত বৃহস্পতিবার কুমিরা ফেরিঘাট এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা গেল। উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছরের এ সময়ের চেয়ে এবার সাগরে বেশি ইলিশ ধরা পড়ছে। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে দেখে জেলে, ক্রেতা ও নৌকার মালিক সবাই খুশি। তবে ইলিশ যত বেশি ধরা পড়ছে ততই বাড়ছে বরফের দাম। ইলিশের মৌসুম শুরু হওয়ার পর প্রতি বর্গফুট বরফের দাম দ্বিগুণ বেড়েছে। ফলে সারা দেশে মাছ সরবরাহ করতে গিয়ে বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯৯১ সালের পর গত বছর হঠাৎই ইলিশের উৎপাদন বেড়ে যায়। গত বছর ইলিশ ধরা পড়েছে ১ হাজার ২৫৩ মেট্রিকটন। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৫০০ মেট্রিকটন। তবে চলতি আগস্ট মাসেই (বৃহস্পতিবার পর্যন্ত) ধরা পড়েছে ৬০০ মেট্রিকটন।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমার আগে-পরে পাঁচ দিন করে ১০ দিন ইলিশ বেশি ধরা পড়ে। প্রতিটি ছোট নৌকায় এক থেকে তিন মণ, ফিশিং বোটে দুই থেকে পাঁচ মণ পর্যন্ত ইলিশ ধরা পড়ছে। ৪০০ গ্রামের ইলিশ প্রতি মণ ৭ থেকে ১০ হাজার টাকা, ৮০০ গ্রামের ইলিশ ১১ থেকে ১৫ হাজার টাকা, ৮০০ থেকে ১ হাজার ৫০০ গ্রামের ইলিশ ১৬ থেকে ২৬ হাজার টাকা এবং দেড় কেজির ওপরের ইলিশ প্রতি মণ ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। জুলাই মাসে শুরু হওয়া ইলিশের এই মৌসুম চলবে নভেম্বর পর্যন্ত। সেপ্টেম্বরে ২২ দিন থেকে এক মাস কেবল মাছ ধরা বন্ধ থাকবে।

উপজেলার বাঁশবাড়িয়ার জেলে হীরালাল দাশ বলেন, এবার প্রচুর মাছ পড়ছে। চাহিদাও বেশি। কিন্তু বরফের দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কমে যাচ্ছে। তবুও তিনি খুশি বলে জানান। 

কুমিরাঘাট এলাকায় গত বৃহস্পতিবার ছয় মণ মাছ কিনেছেন সীতাকুণ্ডের বড় কুমিরার আড়তদার নুরুল আমিন। তিনি চলতি মাসে ১২০ মণ মাছ কিনেছেন বলে জানালেন। নুরুল আমিন বলেন, মাছের দাম কম হলেও এবার তাঁদের তেমন লাভ হচ্ছে না। উৎপাদন বাড়লেও দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে চাহিদা কম। এদিকে বরফ কলের মালিকেরা বরফের দাম বাড়িয়ে দিয়েছেন। প্রতি খণ্ড বরফ বিক্রি হতো ২২০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০টাকা।

নুরুল আমিন বলেন, তাঁরা ইলিশ বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকা, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে পাঠান। বরফ ও লবণের দাম বেড়ে গেলে কিংবা সংকট দেখা দিলে তাঁরা ইলিশ কেনা কমিয়ে দেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, বরফ কলের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁর দপ্তরের নেই। দাম অস্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তিনি বরফ কলের মালিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া বলেন, বরফের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলবেন। প্রয়োজনে বরফ কলের মালিকদের ডাকবেন তিনি।