সীতাকুণ্ডে ইয়ার্ডে আগুন, তিন শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে তেতুলতলা এলাকায় একটি জাহাজভাঙা ইয়ার্ডে আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পেনিনসুলা শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ লোহা কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন মো. রাকিব (২৮), সাজু (২৫) ও বকুল (৪০)। তাঁদের চট্টগ্রাম নগরের আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাকিব কাটিং মাস্টার বলে জানা গেছে। তাঁর মুখমণ্ডল পুড়ে গেছে।

আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যান সহকর্মী আবদুস সালাম। সালাম প্রথম আলোকে বলেন, ‘দুপুর একটার দিকে ইয়ার্ডে গ্যাস কাটার দিয়ে স্ক্র্যাপ কাটার সময় আগুন লেগে যায়। এ সময় কাটারম্যান রাকিবসহ তিনজন দগ্ধ হয়। পরে আমি তাঁদের হাসপাতালে নিয়ে আসি।’

জানা গেছে, পেনিনসুলা ইয়ার্ডটির মালিক বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সাবেক সভাপতি জাফর আলমের মালিকানাধীন। দুর্ঘটনার পর অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি না করে আল আমিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে পোড়া রোগীদের চিকিত্সার ভালো ব্যবস্থা নেই।

আল আমিন হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘দগ্ধ তিনজনের মধ্যে রাকিবের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের অবস্থা গুরুতর নয়।’ অগ্নিদগ্ধদের জন্য আল আমিন হাসপাতালে মোটামুটি ব্যবস্থা আছে বলে জানান তিনি।

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি লোকমুখে শুনেছি দুর্ঘটনা ঘটেছে। লোক পাঠিয়েছি। তাঁরা দেখে এলে ঘটনা সম্পর্কে বলা যাবে।’

এর আগে গত ৩ এপ্রিল সীতাকুণ্ডের সোনাইছড়িতে আরেফিন এন্টারপ্রাইজে গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিক নিহত হয়েছিলেন।