সীতাকুণ্ডে ইয়ার্ডে আগুন, তিন শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডের শীতলপুরে তেঁতুলতলা এলাকায় একটি জাহাজভাঙা ইয়ার্ডে আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পেনিনসুলা শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ লোহা কাটার সময় আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন মো. রাকিব (২৮), সাজু (২৫) ও বকুল (৪০)। তাঁদের আল আমিন হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে রাকিব কাটিং মাস্টার বলে জানা গেছে। তাঁর মুখমণ্ডল পুড়ে গেছে। আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী আবদুস সালাম। সালাম প্রথম আলোকে জানান, বেলা একটার দিকে ইয়ার্ডে গ্যাস কার্টার দিয়ে স্ক্র্যাপ কাটার সময় আগুন লেগে যায়। এতে কার্টারম্যান রাকিবসহ তিনজন দগ্ধ হন।
জানা গেছে, পেনিনসুলা ইয়ার্ডটির মালিক বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সাবেক সভাপতি জাফর আলম। দুর্ঘটনার পর অগ্নিদগ্ধ ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে না নিয়ে আল আমিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটিতে আগুনে পোড়া রোগীদের চিকিত্সার ভালো ব্যবস্থা নেই।
আল আমিন হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. মোরশেদ জানান, দগ্ধ তিনজনের মধ্যে রাকিবের ১৮ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের অবস্থা গুরুতর নয়।
এর আগে গত ৩ এপ্রিল সীতাকুণ্ডের সোনাইছড়িতে আরেফিন এন্টারপ্রাইজে বিষক্রিয়ায় চারজন শ্রমিক মারা যান।