সীতাকুণ্ডে ইয়ার্ডে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা নির্মাণ
সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের নাম ভাঙিয়ে গাছ কেটে সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাংলাবাজার এলাকায় সাগরপারে এ গাছ কাটার ঘটনা ঘটে। ইয়ার্ডে যাওয়ার জন্য সড়ক প্রশস্ত করার অংশ হিসেবে এ গাছ কাটা হয় বলে জানা গেছে।
তবে সাংসদ এর সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়ার্ড মালিকেরা চাঁদা তুলে এটি করছে। ওখানে আমার নাম ব্যবহার করছে কেউ কেউ। আমি তাদের আমার নাম ব্যবহার করতে নিষেধ করেছি।’
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরউদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘স্থানীয় সাংসদ দিদারুল আলম সাহেব জাহাজভাঙা কারখানায় যাওয়ার জন্য সড়কটি প্রশস্ত করছেন। তিনি (সাংসদ) কিছু ব্যক্তিমালিকানা জায়গা কিনে রাস্তা করছেন।’ গাছ কাটার বিষয়ে তিনি বলেন, ‘ওই সড়কের পাশে রাস্তার েকানো গাছ সেখানে নেই। নিয়ম থাকলেও তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদকে জানাননি।’