সীতাকুণ্ডে এক ব্যক্তি খুন, লাশ উদ্ধার
সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের সাগরপাড় থেকে অঞ্জন চৌধুরী (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, অঞ্জন চৌধুরীকে অন্য কোথাও খুন করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মৃত রাখাল চৌধুরীর ছেলে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ফৌজদারহাট-বন্দর সড়কের নাগরদোলা রেস্টুরেন্ট এলাকায় সাগরপাড়ে অঞ্জন চৌধুরীর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আরও বলেন, অঞ্জন চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিবিরহাট এলাকায় খাজা অটো রাইসমিলে চাকরি করতেন। থাকতেন নগরের কর্নেলহাট এলাকায় একটি বাসায়।
নিহত ব্যক্তির ছেলে অমিত চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে তাঁর বাবার সহকর্মী চম্পক চৌধুরী জানান, ১১ ফেব্রুয়ারি অঞ্জন চৌধুরী হাটহাজারীর বড় দীঘিরপাড় এলাকায় পুর্বপরিচিত এক মিস্ত্রির কাছে মুঠোফোন ও পাঁচ হাজার ১৫০ টাকা রেখে গেছেন। এর পর থেকে তাঁর আর খোঁজ নেই।