সীতাকুণ্ডে এক সপ্তাহে নয় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি পাহাড়ে ত্রিপুরা পাড়ার পথে চিকিৎসকেরা। এ পাড়ায় অজ্ঞাত রোগে মারা যায় নয়টি শিশু। ছবিটি গতকাল বিকেলে ত্রিপুরা পাড়ার কাছের একটি পাহাড় থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি পাহাড়ে ত্রিপুরা পাড়ার পথে চিকিৎসকেরা। এ পাড়ায় অজ্ঞাত রোগে মারা যায় নয়টি শিশু। ছবিটি গতকাল বিকেলে ত্রিপুরা পাড়ার কাছের একটি পাহাড় থেকে তোলা l প্রথম আলো

কুম্ভ ত্রিপুরার ঘরের সামনে একজন মরদেহ নেওয়ার খাটিয়া তৈরি করছেন। টিনের ঘরটির ভেতরে মেঝের এক পাশে শীতল পাটিতে প্রাণহীন হৃদয় ত্রিপুরা (৮)। কখনো ছেলের মরদেহ ধরে, কখনো বুক চাপড়ে কাঁদছেন কুম্ভ ত্রিপুরা। এক সপ্তাহ জ্বরে ভুগে গতকাল বুধবার সকালে কুম্ভর ছেলে হৃদয় মারা যায়।

এ রকম জ্বর, কাশি, শরীরে লালচে গোটাসহ অন্যান্য উপসর্গ নিয়ে সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকার মধ্যম সোনাইছড়ি গ্রামের পাহাড়ের ওপরের ত্রিপুরাপাড়ায় এক সপ্তাহে নয় শিশু মারা গেছে। গতকালই মারা গেছে চার শিশু। গত বৃহস্পতিবার প্রথম এখানে এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে এভাবে শিশু মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেননি। অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

নয় শিশুর মৃত্যুর ঘটনা গতকাল দুপুর পর্যন্ত প্রশাসনের নজরের বাইরে ছিল। দুপুরে ঘটনাটি জানার পর ওই ত্রিপুরাপাড়ার বিভিন্ন ঘর থেকে আরও ৪৬ শিশুকে উদ্ধার করে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ১৩ শিশুকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশু জ্বর নিয়ে ভর্তি হলে বিষয়টি প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিমের দৃষ্টিগোচর হয়। দুপুরে খবর পাওয়ার পর মধ্যম সোনাইছড়ির দুর্গম পাহাড়ি পথে পাড়াটিতে গিয়ে উপস্থিত হন সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিশেষজ্ঞ দলও ডাকা হয় রোগটির কারণ নির্ধারণের জন্য।

সীতাকুণ্ডের সোনাইছড়ির রেললাইন পেরিয়ে প্রায় এক মাইল পাহাড়ি পথ হেঁটে পাহাড়ের ওপরের এই ত্রিপুরাপাড়ায় যেতে হয়। তিনটি পাহাড়ের চূড়া নিয়ে গঠিত পাড়াটিতে ৬৪ পরিবার বসবাস করে। বেশির ভাগের পেশা জুমচাষ ও বাগান করা। সরেজমিনে দেখা গেছে, সব পরিবারেই কোনো না কোনো শিশু এ ধরনের জ্বরে আক্রান্ত হয়েছে।

প্রথমে গত বৃহস্পতিবার মারা যায় পাড়াটির সর্দার সুজন ত্রিপুরার ছেলে জানিয়া ত্রিপুরা (৫)। এরপর সোমবার জানিয়ার ভাই কানাইয়া (৩) মারা যায়। সুজনের মেয়েও এই রোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়।

আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে এই পাড়ার শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। জ্বরের পাশাপাশি শরীরে লাল লাল গোটা উঠছে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে একপর্যায়ে মারা যায়। আক্রান্ত শিশুদের একজনকেও গতকালের আগ পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। হোমিওপ্যাথ ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা চালানো হচ্ছিল। পাশের ঘরের শিশুর মৃত্যু দেখেও আক্রান্ত নিজের ছেলেমেয়েকে নিয়ে ঘরে
বসে ছিলেন অভিভাবকেরা। গতকাল সিভিল সার্জনসহ অন্যরা ঘর থেকে টেনে বের করে শিশুদের হাসপাতালে পাঠান। অনেকে শিশুকে লুকিয়ে রাখেন।

চন্দন ত্রিপুরার মেয়ে রীতা ত্রিপুরা (৫) ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে কাতরাচ্ছিল, কিন্তু চন্দন বসে ছিলেন। পাড়া থেকে ২৬ জনকে হাসপাতালে পাঠানোর পরও চন্দন মেয়েকে নিয়ে যেতে চাইছিলেন না। পরে জোর করে তাঁকে ও মেয়েকে হাসপাতালে পাঠানো হয়।

গতকাল সকালে হৃদয়ের মতো মারা যায় বিমল ত্রিপুরার দুই বছর বয়সী ছেলে শিমল ত্রিপুরা। লাশ নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ঘরের মেঝেতে বসে ছিলেন বিমল। একটি কাপড়ে ঢাকা মৃতদেহের পাশে আগরবাতি জ্বলছিল। মেয়ে সীমাও জ্বরে আক্রান্ত। তাকে নিয়ে হাসপাতালে গেছেন স্ত্রী।

বিমল বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে মেয়েটির জ্বর। এরপর গোটা ওঠে। পরে কাশি হয়। এর মধ্যে ছেলেটিও জ্বরে আক্রান্ত হয়। আমি হোমিওপ্যাথ ওষুধ এনে খাইয়েছি, কিন্তু জ্বর কমে না। আজ মারা যায়।’

পাড়াটির অন্তত ৩০ জন অভিভাবকের সঙ্গে কথা হয়। তাঁরা শিশুদের জন্মের পর থেকে কোনো টিকা দেননি এবং কোনো দিন স্বাস্থ্যকেন্দ্রে নেননি বলে জানান। ঝাড়ফুঁক ছাড়া হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর কোনো আগ্রহ তাঁদের নেই।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, জ্বরের সঙ্গে শরীরে গোটা ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে শিশুরা মারা গেছে। এখান থেকে আরও ৪৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই জ্বর কিংবা রোগ কেন ও কী কারণে হচ্ছে এবং মারা যাচ্ছে, তা এখনই বলা সম্ভব নয়। অজ্ঞাত রোগ কিংবা জ্বরে এরা আক্রান্ত। ঢাকা থেকে রোগতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ দল আসবে বলে তিনি জানান।

আক্রান্ত এলাকার নিচে বাঙালি পাড়া। ওই পাড়ার শিশুরা এ রকম কোনো জ্বর কিংবা উপসর্গে আক্রান্ত নয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ‘দুপুরে বিষয়টি শোনার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসছে। এখন ঘরে ঘরে গিয়ে আমরা আক্রান্তদের বের করে হাসপাতালে পাঠাচ্ছি।’

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পুরো বিষয়টি ইতিমধ্যে অবহিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পাঁচজনের একটি দল নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রামে রওনা দিয়েছে। এর মধ্যে আইসিডিডিআরবির প্রতিনিধিও আছেন। এ ছাড়া চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল নমুনা সংগ্রহ করছে এবং পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে। ওই দলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটের প্রতিনিধি আছেন।

মারা যাওয়া শিশুদের নাম

গতকাল বুধবার মারা গেছে হৃদয় ত্রিপুরা (৮), শিমল ত্রিপুরা (২), কসম রায় ত্রিপুরা (৮) ও রূপালী ত্রিপুরা (৩)। এর আগে গত বৃহস্পতিবার প্রথম মারা যায় জানিয়া ত্রিপুরা (৫)। পরদিন মারা যায় তাকিপতি ত্রিপুরা (১২) ও রমাপতি ত্রিপুরা (৮)। গত রোববার মারা যায় প্রকায়তি ত্রিপুরা (৬) এবং সোমবার মারা যায় কানাইয়া ত্রিপুরা (৩)।