সীতাকুণ্ডে এক সপ্তাহে ৯ দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন ও পুরাতন অংশের মাঝে গভীর নালা। কিন্তু সেখানে কোনো সতর্কতা চিহ্ন না থাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন ও পুরাতন অংশের মাঝে গভীর নালা। কিন্তু সেখানে কোনো সতর্কতা চিহ্ন না থাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন কাজের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি চলছে। কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কোনো সতর্কতা সংকেত না দেওয়ায় গত এক সপ্তাহে নয়টি দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়িচালক, সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট দেখা দেওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এসব দুর্ঘটনার জন্য সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদাসীনতাকে দায়ী করছে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বারআউলিয়ার ঢংব্যাং এলাকা, কাসেম জুটমিলস গেট ও ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় গত এক সপ্তাহে নয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, সওজ কয়েক দিন পর পর লেন পরিবর্তন করে গাড়ি চালনা করে। এতে মহাসড়কের চারলেনের কখনো পুরোনো দুই লেনে আবার কখনো নতুন দুইলেন ধরে গাড়ি চলে। এতে করে ওই সড়কে পথের ধারাবাহিকতা নষ্ট হয়। কিন্তু খোঁড়াখুঁড়ির অংশে সতর্কতার জন্য কোনো সতর্কতা সংকেত দেয়নি সওজ। ফলে দুর্ঘটনা ঘটে।
গতকাল সরেজমিনে দেখা যায়, ভাটিয়ারী স্টেশন এলাকায় নতুন ও পুরোনো লেনের মাঝখানের গর্তে কাত হয়ে পড়ে আছে একটি ট্রাক। কাসেম জুটমিল এলাকায় এ রকম দুর্ঘটনায় পড়ে ঢাকামুখী গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস। কিন্তু সড়কের ওই সব স্থানে কোনো সতর্কতা সংকেত বা লাল পতাকা দেখা যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মাসুম জানান, মালবোঝাই ট্রাকটি নিয়ে তিনি সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। সড়কের ওই স্থানে কোনো সতর্কতা চিহ্ন না থাকায় গাড়িটি নালায় ফেলে দেন।
তবে চারলেন প্রকল্পের সীতাকুণ্ড অংশের ব্যবস্থাপক মাসুদ করিম বলেন, শুষ্ক মৌসুমে চালকেরা সড়কের নালা স্পষ্ট দেখতে পান। তাই সতর্কতামূলক সাংকেতিক চিহ্নের প্রয়োজন হয় না। তবুও দুর্ঘটনার কথা পুলিশ সওজকে জানালে আগে ব্যবস্থা নেওয়া হতো। আজকের (গতকাল) মধ্যে লাল রঙের সংকেত দেওয়া হবে।