সীতাকুণ্ডে এবার স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে এবার মো. আবরার করিম ওরফে তাফসি (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট ওভারব্রিজ এলাকার আবদুল লতিফের বাড়ির মো. করিমের ছেলে ও ফৌজদারহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
গত রোববার রাত ১০টার দিকে পৌর সদরের বায়তুশ শরফ মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়। এ নিয়ে সীতাকুণ্ডে জামায়াত নেতা খুনের এক মাসের মাথায় আরও একটি খুনের ঘটনা ঘটল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবরার করিম ও তার ছোট ভাই আসরার করিম (৮) প্রতিদিনের মতো গত শনিবারও স্কুল ছুটির পর সিএনজিযোগে বাড়ি ফিরছিল। কিছুদূর যাওয়ার পর ছোট ভাইকে রেখে সিএনজি থেকে সে নেমে পড়ে। এর পর থেকে তার হদিস না পাওয়ায় ওই দিনই বিষয়টি পুলিশকে অবহিত করে তার বাবা। এক দিন পর রোববার রাতে তাঁর বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পৌরসভার শেখপাড়া বায়তুশশরফ মসজিদের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
আবরারের স্কুলের উপাধ্যক্ষ কামরুন নাহার বলেন, ছেলেটি এমন সরল ছিল যে সে আত্মহত্যার করার মতো নয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, আবরারের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। বাড়ি থেকে এত দূরে লাশ পাওয়ায় ঘটনাটি রহস্যজনক। তবে হত্যা না আত্মহত্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সবকিছু পরিষ্কার হবে। নিহত আবরারের বাবা থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন।

সন্ত্রাসীদের হুমকিতে শিক্ষকেরা আতঙ্কে
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে সন্ত্রাসীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে আতঙ্কে রয়েছেন কয়লা শহীদ জাকের হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দীন প্রতিকার চেয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসী দিদার ও লিটন কয়লা শহীদ জাকের হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানাভাবে হয়রানি করছে। বিদ্যালয়ে আসার পথে শিক্ষকদের গতিরোধ করে ওই সন্ত্রাসীরা কয়েক দফা লাঞ্ছিতও করেছে।
সর্বশেষ গত ২৭ আগস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে তারা লাঞ্ছিত করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন উর রশিদ জানান, স্থানীয় বখাটেদের হয়রানিতে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে বিষয়টি সমাধান না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হতে পারে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি জোরারগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হবে।