সীতাকুণ্ডে কনটেইনার ডিপো ছয় ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি কাজ না দেওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বেসরকারি কনটেইনার ডিপো যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কনটেইনার ডিপোর প্রবেশপথ ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে নেতা-কর্মীরা ডিপো এলাকা ত্যাগ করেন।
ডিপো কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের নেতা আবু তাহেরের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী বিএম কনটেইনার ডিপোর মূল ফটকসহ তিনটি ফটকে অবস্থান নেন। তাঁরা প্রায় ছয় ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় ডিপোতে কনটেইনারবাহী কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারেনি।
ডিপোর ব্যবস্থাপক (প্রশাসন) ফজলুল কাদের চৌধুরী বলেন, ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখায় ডিপোটিতে কোনো কাজ হয়নি। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে আবু তাহের প্রথম আলোকে বলেন, তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ এক বছর ধরে তাদের ঠিকাদারি কাজ দেওয়া কথা বলেও কথা রাখেনি। তাই নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডিপোর ফটকে অবস্থান নিয়েছিলেন।
তবে উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহাজাহান ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, আবু তাহেরকে এক বছর আগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যুবলীগের কেউ নয়। কেউ যদি যুবলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের লোকজন ফটকে অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের সরানোর চেষ্টা করে। পরে সাংসদের মধ্যস্থতায় তারা উঠে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ দিদারুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্থানীয় যুবকদের কাজ দেওয়ার আশ্বাস দিয়েছিল ডিপো কর্তৃপক্ষ। কিন্তু প্রতিশ্রুতি না রাখায় ক্ষুব্ধ হয়ে গতকাল কিছু যুবক ডিপোর ফটকের সামনে যায়। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি তাঁকে জানালে তিনি ফটক থেকে তাদের চলে যেতে বলেন। যুবকদের দাবি নিয়ে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে পরে আলোচনা করবেন বলে জানান সাংসদ।