সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছিল সীতাকুণ্ড থানা ও হাইওয়ে পুলিশ।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বলেন, নিহত ব্যক্তিরা হলেন রাকিব, জাবেদ ও নয়ন। তাঁদের বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে ইমামনগর সড়কের মাথায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।