সীতাকুণ্ডে কারখানা সিলগালা জরিমানা এক লাখ টাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় একটি কালো তেলের প্রক্রিয়াজাতকরণ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত কারখানাটি বন্ধ করে দেন আদালত।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রুহুল আমিন। তিনি প্রথম আলোকে বলেন, চিটাগং লুব অয়েল নামে কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। কারখানার চিমনি দিয়ে বের হওয়া দুর্গন্ধযুক্ত ধোঁয়া আশপাশের জনবসতিতে ছড়িয়ে পড়ছিল। প্রক্রিয়াজাতকরণের সময় উৎপন্ন হওয়া বর্জ্য নালার মাধ্যমে সমুদ্রে ফেলে পানি দূষিত করা হচ্ছিল।
আদালত সূত্র বলছে, স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনের কাছে কারখানাটির বিষয়ে নানা অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, রোজার মাসে রাতে কারখানা চালু থাকলে নামাজ পড়া, সাহ্রি খাওয়া ইত্যাদি খুব কষ্টকর হয়ে পড়ে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে।
কারখানা সূত্র জানায়, সীতাকুণ্ডে ভাঙার জন্য আনা বিভিন্ন জাহাজ থেকে পরিত্যক্ত কালো তেল সংগ্রহ করত এই কারখানা কর্তৃপক্ষ। সেটিকে প্রক্রিয়াজাত করার পর মবিল তৈরির কাঁচামাল উৎপন্ন করা হয় এখানে। পরে বিভিন্ন মবিল তৈরির কারখানায় সেই কাঁচামাল বিক্রি করে দেওয়া হয়।
কারখানার মালিক মো. নুরুল আবছার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই বছর আগে তিনি পরিবেশের ছাত্রপত্রের জন্য আবেদন করেন। কিন্তু তা এখনো হাতে পাননি। তাঁরা ভ্যাটসহ অন্যান্য সরকারি কর পরিশোধ করছেন। ফার্নেস দিয়ে প্রক্রিয়াজাত করায় পরিবেশদূষণ হচ্ছে না বলে দাবি করেন তিনি।