সীতাকুণ্ডে কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাদামবিবিরহাট নেভি রোড এলাকায় অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. রাসেল (৩২)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত কবির আহমদের ছেলে। তিনি ওই কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল্লাহ ঘটনাস্থলে যান। এরপর পুলিশ সদস্যরা নিহত ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন।
কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাস প্রথম আলোকে বলেন, ওই অক্সিজেন কারখানায় এক শ্রমিক নিহতের খবর তিনি পেয়েছেন। আরও কেউ হতাহত হয়েছেন কিনা তা তিনি জানেন না।
এসআই মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, বিকেলে রাসেল অক্সিজেন সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। এ সময় ত্রুটিপূর্ণ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কাজ করা হচ্ছে।