সীতাকুণ্ডে কারখানার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইস্পাত তৈরির একটি কারখানার বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির দাশপাড়া এলাকায় পুলিশের সহযোগিতায় প্রায় ৫৪ শতক জমি দখল করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষ জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই জায়গা কেনা এবং কারখানার নিজস্ব সম্পত্তি।
জমি দখলে নেওয়া নিয়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। দখল করা জমির মধ্যে ৯ শতক জায়গা নিজেদের বলে দাবি করেছে সংখ্যালঘু চারটি পরিবার। বাকি জায়গা অন্য আরেকজনের। দখল করা জায়গায় পুলিশের সহযোগিতায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা দাবি করছেন।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, গতকাল সকাল ১০টার দিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে শতাধিক পুলিশ দাশপাড়া এলাকায় যান। পুলিশের মারমুখী অবস্থানের কারণে তাঁরা প্রতিবাদ করার সাহস পাননি। দুপুরে পুলিশ চলে যায়। বিকেলে আবারও পুলিশ ঘটনাস্থলে এলে তাঁরা জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক নারী আহত হন। তাঁর নাম নমিতা দাশ (২০)। নমিতা প্রথম আলোকে বলেন, সেখানে তাঁর কোনো জায়গা নেই। পুলিশ আক্রমণ শুরু করলে তিনি তাঁর মেয়েকে ডেকে আনতে যান। এ সময় তাঁর কপালে ছররা গুলি লাগে বলে তিনি দাবি করেন।
দখল হওয়া জায়গার মালিকানা দাবি করেছেন রঞ্জিত চন্দ্র দাশ, দীনেশ চন্দ্র দাশ, পরিমল চন্দ্র দাশ ও মতিলাল দাশ। শেষের তিনজন ভাই। এই চারজনেরই বাড়ি দাশপাড়ায়। দখল করা জায়গার মধ্যে বাকি ৪৫ শতকের মালিকানা দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দিদারুল কবির। তাঁর বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে।
রঞ্জিত চন্দ্র দাশ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এর আগে গত বছরের ডিসেম্বর মাসেও কারখানা কর্তৃপক্ষ তাঁদেরসহ অন্যদের জায়গা দখলের চেষ্টা করেছে।
জাতীয় পার্টির নেতা দিদারুল কবির বলেন, আগামী সোমবার স্থানীয় সাংসদ দিদারুল আলমের বাসায় কারখানা কর্তৃপক্ষ, তিনি ও ভুক্তভোগী ব্যক্তিদের নিয়ে বৈঠকের হওয়ার কথা। কিন্তু বৈঠকের আগেই কারখানা কর্তৃপক্ষ তাঁর ৪২ শতক জায়গা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জমি দখলে নিতে সহযোগিতার বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা কাউকে জায়গা দখল করিয়ে দিতে যাননি। কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিঠি দিয়ে বলেছে, তারা নিজস্ব জায়গা দখলে নেবে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন শঙ্কায় পুলিশ সেখানে যায়। স্থানীয় লোকজন তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
জমি দখলের অভিযোগ অস্বীকার করে জিপিএইচ ইস্পাত কারখানার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা কারও জায়গা দখল করেননি। কারখানা সম্প্রসারণের জন্য সেখানে ভারী যন্ত্র দিয়ে কাজ হচ্ছিল। স্থানীয় লোকজন ওই জায়গার ওপর দিয়ে হাঁটাচলা করছিলেন। দুর্ঘটনার আশঙ্কায় নিরাপদ দূরত্বে তাঁরা কাঁটাতারের বেড়া দেন। তিনি বলেন, যদি কারও জায়গা ওই কাঁটাতারের বেড়ার ভেতরে পড়ে, তাহলে পরিমাপের পর তা ছেড়ে দেওয়া হবে। অথবা কেউ যদি নিজের ইচ্ছায় জমি বিক্রি করেন, তাহলে তাঁরা ন্যায্যমূল্যে তা কিনে নেবেন।