সীতাকুণ্ডে খাল ভরাট, কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকায় খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে একটি ঢেউটিন কারখানাকে এক কোটি টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাল খননের কাজে ব্যবহার করা একটি এক্সকাভেটর ও বুলডোজার জব্দ করা হয়। আটক করা হয় ১০ জনকে।
গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। তিনি প্রথম আলোকে বলেন, আবুল খায়ের গ্রুপ দীর্ঘদিন ধরে ওই এলাকার ইছামতী খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। এতে বর্ষায় পাহাড় থেকে পানি নামার পথ বন্ধ হয়ে ওই এলাকায় জলাবদ্ধতা তৈরি হতো। এ ছাড়া পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ১৫ দিন আগে কারখানা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নোটিশের কোনো জবাব দেয়নি। তাই অভিযান চালানো হয়।
জানতে চাইলে কারখানার ব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কারণ দর্শানোর নোটিশ তিনি পাননি।