সীতাকুণ্ডে গাড়িতে আগুন ও ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভার জামায়াতের নায়েবে আমির মো. শফিকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তাঁকে সীতাকুণ্ড পৌর সদরের বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সীতাকুণ্ড জেনারেল হাসপাতালের সামনে ও পানি উন্নয়ন বোর্ড এলাকায় দুই গাড়িতে আগুন ও সোনাইছড়িতে অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। এতে আহত হন চালকসহ তিন ব্যক্তি। গ্রেপ্তারকৃত শফি পৌর সদরের আমিরাবাদ এলাকার আবু সুফিয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের বাজার থেকে মো. শফিকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতালের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। রাত নয়টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের গামাড়িতল এলাকায় অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় এলাকায় গার্মেন্টস-বোঝাই পণ্যের একটি পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
এতে গাড়িচালক মো. ইউনুস (৪০), পণ্যের মালিক রাজা মিয়া (৪২) ও মো. আলমগীর (৪০) আহত হন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। গাড়িচালক মো. ইউনুস জানান, চট্টগ্রাম থেকে গার্মেন্টসপণ্য নিয়ে কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়া বাজার যাচ্ছিলেন। পানি উন্নয়ন বোর্ড এলাকায় এলে কয়েকজন যুবক গতিরোধ করে আগুন ধরিয়ে দেয়। মুঠোফোন ও ১০ হাজার টাকা নিয়ে যায়। তাঁদের মারধর করে আহত করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেতাকে গ্রেপ্তার করায় জামায়াত-শিবির ক্ষুব্ধ হয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে। তবে তাঁদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।