সীতাকুণ্ডে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে এক গৃহবধূ (২২) খুন হয়েছেন। গত রোববার রাতে খুনের পর গতকাল সোমবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।দক্ষিণ সোনাইছড়ি গ্রামের একটি বাড়িতে গত মার্চ মাসে কক্ষ ভাড়া নেন গৃহবধূর স্বামী। স্থানীয় ব্যক্তি ও পুলিশ নিহত গৃহবধূর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তাঁর স্বামীর নাম মো. কাউছার ওরফে বিপ্লব।বাড়ির মালিক মো. সোলায়মান বলেন, ‘২ মার্চ বিপ্লব সস্ত্রীক আমার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় একটি কক্ষ ভাড়া নেন। তখন নিজেকে রাইজিং শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক বলে দাবি করেছিলেন বিপ্লব। রোববার রাত সাড়ে নয়টার দিকে তিনি এক বন্ধুসহ ঘর থেকে বের হয়ে যান। তখন থেকেই ঘরের দরজা বাইরে থেকে তালা লাগানো ছিল। জানালায় উঁকি দিয়ে ঘরের ভেতর গৃহবধূর চাদর মোড়ানো লাশ দেখতে পাই।’সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ৬ এপ্রিল সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায় শাহানা নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনার এক দিন পরই আরেক গৃহবধূ খুন হলেন।