সীতাকুণ্ডে চেয়ারম্যানের বাড়িতে আগুন, রাস্তায় গাড়ি ভাঙচুর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংগঠনের একজন নেতার লাশ উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও ১২টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির। এ ঘটনায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। জামায়াত-শিবিরের কর্মীরা বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ার-ম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতেও আগুন দেন।
সন্ধ্যার দিকে মহাসড়কের শেখপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাড়বকুণ্ডে র্যাব সদস্য ও সুলতানা মন্দির এলাকায় পুলিশ সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। বাড়বকুণ্ডে র্যাবের গুলিতে খালেদ বিন মাসুদ নামের এক ব্যক্তি আহত হন। গাড়ি ভাঙচুরের অভিযোগে বাড়বকুণ্ড থেকে র্যাব সদস্যরা রায়হান উদ্দীন নামের একজনকে আটক করেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে কয়েক দিন ধরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অবরোধ ও সহিংস ঘটনা ঘটিয়েছেন। গতকাল ১২টিসহ এই কয়দিনে তাঁরা প্রায় ৮২টি গাড়ি ভাঙচুর করেছেন ও আগুন দিয়েছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে গত মঙ্গলবার গভীর রাতে র্যাব-পুলিশ-বিজিবি অভিযান চালায়। এ সময় সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুবনগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে র্যাব-পুলিশ-বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে মুহূর্তের মধ্যে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে পৌরসভার শেখপাড়া এলাকায় বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের নিখোঁজ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের (৩৫) মাথায় গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন লোকজন।
এ সময় তাঁর হাত ও মুখ বাঁধা ছিল। তাঁরা থানায় খবর দেন। এরই মধ্যে খবর পেয়ে আমিনুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। কিছুক্ষণ পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুলের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গতকাল একটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করেন ও আগুন দেন। এ সময় মহাসড়কের উভয় দিকে শত শত গাড়ি আটকা পড়ে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাদাকাত উল্লাহ মিয়াজির বাড়ির চারটি ঘরসহ আশপাশের তিনটি বাড়িতে আগুন দেন। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িটিতেও আগুন লাগানো হয়।
বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের আর আর জুট মিল এলাকায় দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানকে কাছাকাছি জায়গায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মহাসড়কের বানুরবাজার এলাকায় আরেকটি গাড়িতে আগুন দেওয়া হয়। মহাসড়কে রেড ক্রিসেন্টের একটিসহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় পাঁচটি গাড়িতে।
উপজেলা জামায়াত ও আমিনুলের পরিবারের দাবি, গত রোববার সন্ধ্যায় তিনি সস্ত্রীক ঢাকা থেকে সীতাকুণ্ডে ফিরছিলেন। কুমিল্লায় একটি রেস্তোরাঁয় যাত্রাবিরতিকালে সাদাপোশাকে কয়েকজন লোক আমিনুলকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তাঁর স্ত্রী মুঠোফোনে বিষয়টি পরিবার ও দলের নেতা-কর্মীদের জানান।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ ইকবাল আলী প্রথম আলোকে বলেন, ‘পরিবারের লোকজন আমিনুলের লাশটি শনাক্ত করেন। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।’
আমিনুলের ভাই বেলাল উদ্দিন অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার পর তাঁরা বিষয়টি প্রশাসনের সব মহলে জানিয়েছেন। ভাইকে ফিরে পাওয়ার জন্য নানা দেনদরবার করেন। গতকাল তাঁরা ভাইয়ের লাশ পেলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, নাশকতায় জড়িতদের ধরতে ওই অভিযান চালানো হয়। এ সময় একটি চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
আমাদের মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালের দোকান এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সীতাকুণ্ডে সংঘর্ষের খবরে মিরসরাই থানার পুলিশ বেলা আড়াইটার দিকে মিরসরাই থানার সামনে চট্টগ্রাম অভিমুখী গাড়িগুলো আটকে দেয়। এ সময় ওই কাভার্ড ভ্যানটিতে কয়েকজন যুবক কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সাইফুল্লা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরা গাড়িটিতে আগুন দিয়েছেন। তবে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।