সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা ছুরিকাহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত বুধবার জুয়া খেলাকে কেন্দ্র করে ইয়াছিন আরাফাত নামের ছাত্রলীগের এক নেতা ছুরিকাহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াছিন বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।এলাকাবাসী জানান, উপজেলার বাড়বকুণ্ডের তেলিবাজার এলাকায় ঐকতান কিশোর সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে গত রোববার থেকে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বুধবার রাতে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। এর জের ধরে ইয়াছিনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা ইয়াছিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, মেলায় লটারিকে কেন্দ্র করে বাগিবতণ্ডার একপর্যায়ে ইয়াছিনকে ছুরিকাঘাত করে ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসাইন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে শাহাদাতের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, ওই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।