১৮ দলের অবরোধ ও জামায়াতের ডাকা হরতালে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া চারটায় উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় একটি স্ক্র্যাপবাহী ট্রাকে আগুন দেন পিকেটাররা।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত সোমবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরীঘাটা, মাদামবিবিরহাট নেভি গেট, বানুরবাজার ও আবদুল্লারঘাটা এলাকায় দুটি কাভার্ড ভ্যান ও তিনটি ট্রাকে আগুন দিয়েছেন বিএনপি-জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন ট্রাকচালক মো. আবদুল আলিম ও তাঁর সহকারী। অন্য একটি গাড়ির চালক গাড়ি থামিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান পুলিশের সার্জেন্ট মো. কবির।
এদিকে রাতে গাড়িতে আগুন দেওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে গতকাল বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি রবিউল হোসাইনের নেতৃত্বে সীতাকুণ্ডের ছোট কুমিরা, ছলিমপুর ফকিরহাট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন শিবিরের কর্মীরা।
সোমবার রাতে পাঁচ গাড়িতে আগুন দেওয়া ও ট্রাকচালকসহ দুজন অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির। এদিকে গতকাল দিনভর অবরোধ ও হরতাল উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরহামেশায় ট্রাক-কাভার্ড ভ্যানসহ সব ধরনের গাড়ি চলাচল করেছে।