চট্টগ্রামের সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গত রোববার বিকেলে অন্যের জায়গা বিক্রি করতে এসে ছয় প্রতারক গ্রেপ্তার হয়েছেন।পুলিশ ও সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরা এলাকার লেদু মিয়া ও তাঁর ছেলে সেলিম ওই এলাকার মৃত হাফিজ উল্লাহ সওদাগরের ৯১ শতক জায়গা বিভিন্ন ব্যক্তিকে ওয়ারিশ সাজিয়ে তা বিক্রি করতে রোববার বিকেলে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আসেন। তাঁরা ওই কার্যালয়ে কাগজপত্রও জমা দেন। হাফিজ উল্লাহর ওয়ারিশেরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন পুলিশ গিয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে কুমিরা কোটপাড়া গ্রামের ফরিদা খাতুন, নুর বেগম, নুর বানু, আবদুর রহমান, মুফিজুর রহমান এবং ঘোড়ামারা এলাকার সামছুল আলমকে গ্রেপ্তার করে।আটক আবদুর রহমান জানান, ওই এলাকার লেদু ও তাঁর ছেলে সেলিম দুই হাজার টাকায় তাঁদের ভাড়া করে এনেছিলেন। হাফিজ উল্লাহর ওয়ারিশ মোহাম্মদ ফজলুল হক জানান, তাঁদের সম্পত্তি লেদু ও তাঁর ছেলে প্রতারণার মাধ্যমে তাঁদের নামে ভুয়া মালিক সাজিয়ে জমি নিবন্ধন করে নিতে চেয়েছিলেন।সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান জানান, কার্যালয়ের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। অফিসের বাইরে এ ঘটনা ঘটতে পারে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) বায়েস আলম জানান, অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মো. ফজলুল হক সীতাকুণ্ড থানায় লেদু মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন।