সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার খোঁজে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে আরও জঙ্গি আস্তানার খোঁজে পুলিশ অভিযান চালিয়েছে। আজ সোমবার দুপুরে সদরের দাশপাড়াসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানার পুলিশ। এ সময় কাউকে আটক করা না হলেও সন্দেহজনক বাসিন্দাদের ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করেছে পুলিশ।

গত বুধবার বিকেলে সদরের আমিরাবাদ সাধন কুঠির ও এক কিলোমিটার দূরে প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় ছায়ানীড় নামে দুটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। বাড়ি দুটি হিন্দু অধ্যুষিত এলাকায়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের একটি সূত্র জানিয়েছিল, দাশপাড়া এলাকায় কিছু অপরিচিত লোকের আসা-যাওয়া রয়েছে। এরই সূত্রধরে আজ দুপুরে সন্দেহজনক বাড়ি ও ভাড়া বাসাগুলোতে অভিযান চালানো হয়। সন্দেহজনক ভাড়াটেদের ছবি ও জাতীয় পরিচয়পত্র ও তাঁদের কর্মস্থলের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া তাঁদের আত্মীয়স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলা হয়। যেসব পরিবারকে সন্দেহজনক মনে হয়েছে, তাঁদের পুলিশের নজরদারিতে রাখা হবে বলে তিনি জানান।

এসআই আনোয়ার হোসেন জানান, হিন্দু অধ্যুষিত এলাকায় দুটি জঙ্গি আস্তানা পাওয়া গেছে। আরও থাকতে পারে—এমন সন্দেহে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ডের বিভিন্ন বাড়িতে অভিযান অব্যাহত থাকবে। যেখানে সন্দেহ হবে, সেখানে অভিযান চালানো হবে।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, কোনো বাসিন্দার চলাফেরা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

দাশপাড়ার বাসিন্দা দিলীপ দাশ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের বাড়িতে গিয়েছিল। কিন্তু তাঁদের এখন ভাড়াটে না থাকায় তল্লাশি করেনি। একটি ফরম দিয়ে গেছে। ভোটার আইডি কার্ডসহ জমা দিতে বলেছে।