সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের নিয়ে মুখ খুলছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের সম্পর্কে পুলিশ মুখ খুলছে না। আটক তিন ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলগেট এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে তাঁদের নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। যে এলাকা থেকে তাঁদের আটক করা হয় এর কাছে রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স। প্রতিষ্ঠানটিতে বিদেশিরাও কাজ করেন।
আটক জঙ্গিদের বিষয়ে জানতে গতকাল রোববার বিকেলে সীতাকুণ্ড থানায় গিয়ে দেখা যায় থানা ভবনের প্রধান ফটক বন্ধ। ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাংবাদিক পরিচয় দেওয়ার পর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, বাড়বকুণ্ডের অভিযানে আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিরা জঙ্গি কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অবশ্য বাড়বকুণ্ডে অভিযান চালিয়ে কাউকে আটক করার কথা অস্বীকার করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কেউ আটক হলে আমি জানতাম।’