সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। শনিবার বেলা দুইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেলগেট এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্দেহভাজন আটককৃতদের আটকের স্থান থেকে ১০০ গজ দুরে রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি)। সেখানে ৩০ জন বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। এর পূর্বদিকে পাহাড়ের পাদদেশে বাড়বানলসহ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি মন্দিরও রয়েছে।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশে একজন দুষ্কৃতকারীর একটি ভাড়া ঘরে এ জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও ওই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করতে পারেনি। চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, বাড়বকুণ্ডের সিসিসিতে কর্মরত বিদেশিদের ওপর জঙ্গিদের হামলার পরিকল্পনা থাকতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে অভিযানে অংশ নেওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, তাদের কাছে তথ্য ছিল বাড়বকুণ্ডে কয়েকজন জঙ্গি অবস্থান করছে। খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করা হয়। তিনি বলেন, আটককৃতদের বাড়ি আনোয়ারা, পটিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ডে। তবে তাঁদের নাম প্রকাশ করেননি।
আটকের বিষয়টি স্বীকার করলেও আটককৃতরা জঙ্গি কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।