সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনের পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চার যুবককে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, চার যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁরা হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। সীতাকুণ্ডের একটি কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের চারজনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তাঁদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিকালে আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁদের কাছ থেকে পুলিশ কোনো অস্ত্র পায়নি বলেও দাবি করেন।
পুলিশ জানায়, চারজনের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ার পর আসামিদের জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে। কেন এবং কার নির্দেশে তাঁরা হামলার পরিকল্পনা করেছেন তা জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হবে।
এদিকে গ্রেপ্তার মুছাব ইবনে ওমায়েদকে ছেলে বলে অস্বীকার করছেন তাঁর মা-বাবা। তিনি ধর্মান্তরিত হন ২০১৩ সালে। এর আগে তাঁর নাম ছিল পিকলু দাস। গতকাল বিকেলে তাঁর মা-বাবার সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁরা বলেন, চার বছর আগে ছেলে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তাঁরা শুনেছেন বাড়ি ছাড়ার পর ছেলে ধর্মান্তরিত হয়েছেন। এর বেশি কিছু আর জানেন না তাঁরা। বাবা-মা তাঁদের নাম প্রকাশ না করতে প্রথম আলোকে অনুরোধ করেন।
গ্রেপ্তার হওয়া আরেক যুবক রাসেলের বাড়ি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতল এলাকায়। গতকাল তাঁর বাড়িতে গেলে কয়েকজন প্রতিবেশী বলেন, জঙ্গি কার্যক্রমের সঙ্গে রাসেল জড়িত কি না, তা তাঁরা জানেন না।
সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রজীবনে রাসেল কিছুদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে দেখা যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত বলে পুলিশকে বলেছেন। তাঁর বাড়ি থেকে জব্দ করা ল্যাপটপে জঙ্গি তৎপরতার কার্যক্রমসংক্রান্ত ভিডিও পাওয়া গেছে।