সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চার ব্যক্তি​কে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশ জানায়, এই চার যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

রিমান্ড মঞ্জুর হওয়া চার ব্যক্তি হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এই চারজনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন মঞ্জুর করেন। আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিকালে আদালত আসামিদের বক্তব্য জানতে চাইলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাব ও ধর্মীয় বই উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।