সীতাকুণ্ডে জবাই করে যুবক খুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে সীতাকুণ্ডের মছজ্জিদা এলাকার একটি ডোবা থেকে রিটু আইচ (২৮) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শুক্লব চৌধুরী (৩২)। শুক্লব নিহত রিটুর প্রতিবেশী বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্লব খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। হত্যাকাণ্ডে ব্যবহূত ধারালো অস্ত্রটিও পুলিশ উদ্ধার করেছে। নিহত রিটু সীতাকুণ্ডের মছজ্জিদা এলাকার পরিতোষ আইচের ছেলে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা থেকে রিটু নিখোঁজ হন। পরে সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। রিটুর মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। রোববার রাত সাড়ে সাতটার দিকে বাড়িসংলগ্ন কালীবাড়ী এলাকায় তাঁকে ধামা দিয়ে জবাই করে হত্যা করা হয় বলে শুক্লব পুলিশকে জানান। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বলেন, ‘রিটু প্রায় সময় শুক্লবের সঙ্গে থাকতেন। শুক্লবই রিটুকে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সেটি এখনো বলেননি তিনি। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।’